পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচি “শত হাসি” আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত ৭০ জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা যুব ফোরামের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, পূর্বধলা থানা, উপজেলা শিশু ফোরাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।উপজেলা যুব ফোরামের সভাপতি অপূর্ব চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সম্পাদক এরিনা জাহান প্রীতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন এবং উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল আলম ঝুমন প্রমুখ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগেও তারা অনুরূপ কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।


