পূর্বধলায় ভাইয়ের হাতে ভাই খুন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। দীর্ঘদিন যাবত আফজাল হোসেন হৃদয় ও তার বড়ভাই ঘাতক ইকবাল মিয়া (৩৮) পরিবার পরিজন নিয়ে উপজেলা সদরের জামতলা এলাকায় একই বাড়িতে পৃথক পৃথক বসবাস করতেন।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল। এনিয়ে বুধবার সকালে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই ইকবাল মিয়া ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বুকে ও কপালে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের প্রতিবেশী জনৈক আবুবকর সিদ্দিক জানান, হৃদয়ের বাবা ছিলেন একজন গ্রাম ডাক্তার। দীর্ঘদিন তিনি সিলেট এলাকায় ডাক্তারী করেছেন। তার ছিল অটেল সম্পতি। উপজেলা সদরে বেশ কয়েকটি দোকানসহ বাসা বাড়ি। তিনি মরার পর আজকে এই অটেল সম্পতিই কাল হলো।
নিহত আফজাল হোসেন হৃদয় এর স্ত্রী রাফিয়া জান্নাত ইমা জানান, গত ৩/৪ বছর আগে তার শ্বশুর তিন ছেলে ও ৪ মেয়ে রেখে মারা যান। শ্বশুরের মৃত্যুর পর জমাজমি ভাগাভাগি হলেও। বড়ভাই কিছুটা অসন্তুষ্ট ছিলেন। জমাজমি নিয়ে প্রায়ই ঝগড়া করতেন। আমার স্বামীকে মেরে ফেলার জন্য ভাসুর ইকবাল গত দুইদিন ধরে ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমি আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি। কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই বাড়ির উঠানেই তাকে কুপিয়ে হত্যা করে।
আমার ২ ছেলে ১ মেয়ে ছোট মেয়েটির বয়স ২১ মাস আরেক মেয়ের বয়স ৩বছর ও ছেলের বয়স ৪ বছর। আমি এই তিনটি ছোট ছোট বাচ্ছা নিয়ে এখন কিভাবে চলবো। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

