পূর্বধলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৫৫টি, মাঠে থাকছে ২শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী
শফিকুল আলম শাহীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ১৬১ নেত্রকোণা-৫ আসনের অন্তর্ভুক্ত উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের ১১টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স টিম সার্বক্ষণিক টহলে থাকবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হাসান জানান, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ জন, মহিলা ১ লক্ষ ৪২ হাজার ২১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান খান বলেন, “পূর্বধলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

