এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৫৫টি, মাঠে থাকছে ২শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী

শফিকুল আলম শাহীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ১৬১ নেত্রকোণা-৫ আসনের অন্তর্ভুক্ত উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা বলয় গড়ে তোলা হয়েছে। দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর ১২০ জন সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০ জন, ব্যাটালিয়ন আনসারের ২০ জন সদস্য এবং র‍্যাবের ২টি টিম।

এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের ১১টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স টিম সার্বক্ষণিক টহলে থাকবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হাসান জানান, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ জন, মহিলা ১ লক্ষ ৪২ হাজার ২১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান খান বলেন, “পূর্বধলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি