শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদনে বিএনপি নেতা এনামুল হকের বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মদন কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সদস্যসচিব ও মদন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মো. এনামুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. রুস্তম আলী, দুলাল মেম্বার, কিতিশ, গিরেন্দ্র, মো. বিল্লাল মিয়া ও জৌবনসহ স্থানীয় নেতারা।
বস্ত্র বিতরণকালে মো. এনামুল হক বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা অত্যন্ত জরুরি। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদ্যাপনের মধ্য দিয়েই একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন