সাদ পন্থীদের শাস্তির দাবিতে পূর্বধলায় বিক্ষোভ সমাবেশ
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা মোশাররফ হোসেন, তফাজ্জল হোসেন, যোনায়েদ আহমদ, শাহাব উদ্দিন, ওয়ালী উল্লাহ, আবু তাহের মোতালেব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা।
টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে।

