পূর্বধলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে মারধরের অভিযোগ
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাসহ দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বকেয়া বিলের টাকা চাইতে হামলা ও মারধরের শিকার হয়েছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার জাকির হোসেন (৪২) ও মিটার রিডার কাম মেসেঞ্জার মঞ্জরুল আহসান (৪৫)।আহত জাকির হোসেন বলেন, বড়রুহী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মৃত গণি মিয়ার নামে আবাসিক একটি মিটারে গত ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বুধবার দুপুর দুইটার দিকে অফিসের মঞ্জরুল আহসানকে নিয়ে সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই বিল দিতে চায়নি। পরে বিদ্যুত সংযোগ বন্ধ করতে যাওয়ায় মৃত গণি মিয়ার ভাই বাচ্ছু মিয়াসহ ৪/৫জন তাদের ওপর চড়াও হন এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে সেখান থেকে তারা পালিয়ে আসেন।
এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চু মিয়ার সাথে মুটোফোনে কথা বলার চেষ্ঠা করলে তাকে পাওয়া যায়নি।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহিনুর আলম মৃধা বলেন, বিদ্যুতের বকেয়া আদায় করতে গিয়ে তাদের ওপর হামলা করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাপূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে বলেন, খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের উপস্থিতিতে পল্লী বিদ্যুতের লোকজন বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে আসে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


