পূর্বধলায় চুরি যাওয়া ট্রাক ত্রিশালে উদ্ধার,আটক ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থেকে চুরি যাওয়া একটি ট্রাক ময়মনসিংহের ত্রিশাল থেকে উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় ফরহাদ হোসেন (২৬) নামের চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য জানান।আটককৃত ফরহাদ হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নারায়নপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার জারিয়া নলুয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের ঢাকা মেট্রো- ট ১৫৫৮৮৬ একটি ট্রাক গত ৩১ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে তার বাড়ির সামনে থেকে চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়।
পরে ১ ফেব্রুয়ারি সকালে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়েরের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকা থেকে ট্রাকটি উদ্ধারসহ এক চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
আজ রোববার বিকালে আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

