পূর্বধলায় ১৫বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারী আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১৫ বস্তা ভারতীয় চিনিসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। এসময় ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত ৪টি অটোরিকশা জব্দ করা হয়।
আজ বুধবার(৫মার্চ) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার বেলা ১১টারদিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন-নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামের আব্দুল গণির ছেলে মোস্তফা (৩২), একই এলাকার বালিকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে রাজন (২৫), বাওইপাড়া (সাদামাটি) গ্রামের আবু ছিদ্দিকের ছেলে শরিফুল ইসলাম (১৯), শশারপাড় গ্রামের মুনসুর আলীর ছেলে আজহারুল ইসলাম (২৬) ও দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের মৃত আঃ ছালামের ছেলে আমিনূল ইসলাম (২০)।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনিসহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পরলেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টারদিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থানে রাস্তায় তল্লাশি চৌকি বসায় পুলিশ।
এ সময় ৪টি অটোরিকশা তল্লাশি করে ১৫টি বস্তায় প্রায় ৭৫০ কেজি ভারতীয় অবৈধ চিনি পাওযায় যায়। তখন চিনিসহ অটোরিকশা জব্দ করে পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ধৃত চোরাকারবারিদের নামে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।

