বিকাশ কর্মী রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণায় বিকাশ কর্মী রিজন তালুকদারকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের পূর্বধলা বাজারে পদ্মা এন্টারপ্রাইজের সামনে বাংলালিংক ডিস্ট্রিবিউশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলালিংক ডিস্ট্রিবিউশনের পূর্বধলা শাখার ম্যানেজার মিটু সাহা, সুপারভাইজার দিপ্ত সাহা, আরএসও আবুল বাশার, আনিস, মাসুদ, মোশারফ প্রমুখ।
প্রসঙ্গত, নিহত রিজন তালুকদার নেত্রকোণা জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত ১০ আগস্ট সকালে নেত্রকোণা জয় টেলিকমিনিগেশন ডিস্ট্রিবিউশন হাউস থেকে তিনি সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।
পরে ১২ আগস্ট সন্ধ্যায় নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার নেত্রকোণা সদর থানায় রিজনের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

