এই মাত্র পাওয়া

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম স্থানে জারিয়া ইউনিয়ন

খবরের অডিও ফাইলটি শুনতে নিচের প্লে-বাটনে ক্লিক করুন-

শফিকুল আলম শাহীন, পূর্বধলা : ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি মূল্যায়নে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান দখল করেছে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন এবং তৃতীয় স্থান অর্জন করেছে পূর্বধলার বিশকাকুনী ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিজয়ী ইউনিয়নগুলোকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ জামান এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিজয়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে ক্রেস্ট তুলে দেন।

গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও মামলা দ্রুত এবং স্বল্প খরচে নিষ্পত্তি করা হয়। এতে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পেয়ে থাকেন। জেলা প্রশাসনের উদ্যোগে মামলার নিষ্পত্তির হার, কার্যক্রমের গতিশীলতা, জনগণের অংশগ্রহণ ও সেবার মানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

জানা গেছে, গত অর্থবছরে জারিয়া ইউনিয়ন গ্রাম আদালত সর্বাধিক মামলা নিষ্পত্তি করেছে। স্বচ্ছতা ও দ্রুততার কারণে জনগণের আস্থা অর্জন করেছে এ ইউনিয়ন। দ্বিতীয় স্থান পাওয়া লেঙ্গুরা ইউনিয়নও স্থানীয় বিরোধ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর তৃতীয় হওয়া বিশকাকুনী ইউনিয়ন ধারাবাহিক সেবা কার্যক্রমের জন্য স্বীকৃতি পেয়েছে।

জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া এবং বিশকাকুনী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম আল আমিন প্রতিক্রিয়ায় বলেন, “এ অর্জন আমাদের নয়, এ অর্জন ইউনিয়নবাসীর। ভবিষ্যতে যেন আরও উন্নত সেবা দেওয়া যায়, সে জন্য আমরা ইউনিয়নবাসীর সহযোগিতা চাই।”

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে।” আমরা আশা রাখি আগামীতে আমাদের উপজেলা জেলায় প্রথম হবে।

উল্লেখ্য, সরকারের আইন ও বিচার বিভাগের উদ্যোগে সারাদেশে গ্রাম আদালত কার্যক্রম চালু রয়েছে। এটি জনগণের ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করছে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি