পূর্বধলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়। পূজামন্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও শৃখলা বজায় রাখতে একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।এ সময় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের সর্বজনীন উৎসব। তাই সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এ উৎসব সফলভাবে সম্পন্ন করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবছর উপজেলায় মোট ৫৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫০টি সার্বজনীন ও ৭ টি ব্যক্তিগত।
এই পোস্টটি শেয়ার করুন

