পূর্বধলায় হেনট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ইটবোঝাই হেনট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজুদুল হক (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পূর্বধলা–দেউটুকোন সড়কের মর্ডান আইডিয়াল স্কুলের পশ্চিম পাশে ছোচাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজুদুল হক পূর্বধলা সদর ইউনিয়নের ছোচাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 
আহতরা হলেন মোটরসাইকেলচালক ছোচাউড়া গ্রামের মৃত এনামুল ফকিরের ছেলে মোফাজ্জল হোসেন (২৮) এবং নিহত সজুদুল হকের নাতি আনাছ মিয়া (১০)। মোফাজ্জল উপজেলা সদরের হাসপাতাল গেইটসংলগ্ন রাজধলা ডায়াগনিস্ট সেন্টারের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সজুদুল ও মোফাজ্জল সম্পর্কে চাচাত ভাই। তারা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পূর্বধলার দিকে আসছিল। এ সময় ইটবোঝাই একটি হেনট্রলি দেউটুকোনের দিকে যাচ্ছিল। পথে ছোচাউড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সজুদুল হকের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক হেনট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হেনট্রলি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি