পরিচ্ছন্ন পূর্বধলা গড়তে প্রচারাভিযান, উদ্বোধন করলেন এমপি মাছুম মোস্তফা

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্লাস্টিক বর্জ্যমুক্ত করার লক্ষ্যে “পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা সদরের রৌশনারা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা শাখার দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে পরিচ্ছন্নতা প্রচারাভিযান কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  এতে অংশগ্রহণকারীরা পূর্বধলা বাজার এলাকায় সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্বধলা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার কাজল দ্রংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।

উপজেলা যুব ফোরামের সেক্রেটারি এরিনা জাহান প্রীতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্নতা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তিনি জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়ে কার্যক্রম শুরু করেছেন এবং দলের সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, মানুষের মানসিক পরিচ্ছন্নতাও জরুরি। মানসিক পরিচ্ছন্নতা অর্জিত না হলে বাহ্যিক পরিচ্ছন্নতা দীর্ঘস্থায়ী হয় না। সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় যুব ফোরামের স্বেচ্ছাসেবী, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা এবং জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।,





এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি