পূর্বধলায় জমি কেনার প্রলোভনে ডেকে জিম্মি, ইউপি সদস্য গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে তাইজুল ইসলাম (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত তাইজুল পূর্বধলা পশ্চিমপাড়া এলাকার মৃত মিরাজ আলীর ছেলে ও পূর্বধলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ জানায়, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের মৃত গৌরাঙ্গ চন্দ্র ভদ্রের ছেলে কাকন চন্দ্র ভদ্র সম্প্রতি তার এক খন্ড জমি বিক্রির কথা প্রচার করেন।
এ সুযোগকে কাজে লাগিয়ে কাকনের প্রতিবেশী একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে লিটন মিয়া জমিটি বিক্রি করে দেবেন বলে গত ৫ মার্চ দিবাগত রাত ১টার দিকে কাকনকে ঘুম থেকে ডেকে তোলেন। সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম জমিটি কিনবেন এই বলে লিটন তাকে মেম্বারের বাড়িতে নিয়ে যান।
কাকন মধ্যরাতে তাইজুলের বাড়িতে গেলে সেখানে তাকে তারা জিম্মি করে প্রাণনাশের হুমকি দেন। এ সময় কাকনের কাছে ৫০ হাজার টাকা দাবি করলে তিনি তার স্ত্রীর মাধ্যমে রাতেই দাবিকৃত অর্থ পরিশোধ করে বাড়ি আসেন।
ঘটনার পর ভুক্তভোগী কাকন বাদী হয়ে এ বিষয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত তাইজুল ইসলামকে গ্রেপ্তার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামী তাইজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

