পূর্বধলায় ২২০ অতিদরিদ্র পরিবার পেল শর্তসাপেক্ষ নগদ সহায়তা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে ২২০টি পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সোমবার (৩০ মার্চ) সকালে সংস্থার উপজেলা সদরের এপি হলরুমে এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার বাবলী রংমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে।
এসময় তিনি জানান, নির্ধারিত মানদÐ অনুসরণ করে উপজেলার ১১টি ইউনিয়নের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২২০টি পরিবার নির্বাচন করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে ১০ হাজার টাকা করে অর্থ পৌঁছে দেওয়া সহ আয়বর্ধক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
কর্মসূচিতে নারী প্রধান পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, শিশুশ্রমে জড়িত পরিবারসহ প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তাদের সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নিয়মিত তদারকি ও পরিদর্শনের ব্যবস্থাও রয়েছে।

