নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা: আবহমান গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির সমাহারে নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ।
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।সকাল ৯টায় মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোলের তালে হাতি, ঘোড়া, ময়ূর, প্যাঁচাসহ বিভিন্ন প্রতীকী উপকরণ ও রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন, যা শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলে।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএন৫৫৫পির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।
এছাড়াও জেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যেমন—মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচি-কাঁচার মেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল (নেত্রকোনা জেলা শাখা) পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজন করেছে।


