বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল
পূর্বকন্ঠ ডেস্ক: আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শেষ পর্যায়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এফপিএফ। তবে পর্তুগিজ গণমাধ্যমের খবরে জানা গেছে, ম্যাচটি পর্তুগালের লেইরিয়া শহরে অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে লিসবনের ওয়েইরাসে।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। এরপর গত মঙ্গলবার আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে পরাজিত করে পর্তুগিজরা।
ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এই গ্রুপে পর্তুগালের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
এই পোস্টটি শেয়ার করুন


