এই মাত্র পাওয়া

পূর্বধলায় জালিয়াতির মাধ্যমে জমি খারিজের অভিযোগ: থানায় মামলা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জালিয়াতির মাধ্যমে অন্যের জমি নিজেদের নামে খারিজ (নামজারি) করে নেওয়ার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মঞ্জুল হক পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে মঞ্জুল হক গত ৩১ মার্চ স্থানীয় ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, তার দাদা মৃত নবী হোসেন ও দাদি মৃত মিরাজের মায়ের নামে থাকা লাঙ্গলজোড়া মৌজার ৮ শতক ৬৪ অজুতাংশ জমি (বিআরএস খতিয়ান নং-৩৭, দাগ নং-১৩৬) প্রতারণার মাধ্যমে অন্যের নামে খারিজ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—নেত্রকোনার বারহাট্টা উপজেলার দুধকুড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে কামরুল (৪২), সাহিদ (৬০) এবং তাদের বোন আল্পনা (৪৫) ও কল্পনা (৫০)। তারা নিজেদেরকে মৃত নবী হোসেনের উত্তরাধিকারী দাবি করে কৌশলে জমিটি নিজেদের নামে নামজারি করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মঞ্জুল হক জানান, বিবাদীপক্ষ মিথ্যা পরিচয় দিয়ে তার দাদার সন্তান দাবি করে জালিয়াতির আশ্রয় নিয়েছে। তবে তিনি বা তার পরিবারের কেউ এ ধরনের আত্মীয়তার বিষয়ে অবগত নন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

তিনি আরও বলেন, “প্রতারণার মাধ্যমে আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছি। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।”

এব্যাপারে অভিযুক্ত কামরুল মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, তার দাদা নবী হুসেন ছিলেন নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের দপ্তরী। তিনি প্রথম বিয়ে করেছিলেন বারহাট্টা উপজেলার দুধকুড়া গ্রামে। আর সেই গ্রামে তিনি ঘরজামাই হিসেবে থাকতেন। তার ঔরসে জন্ম নেয় একমাত্র সন্তান নূর হোসেন। নূর হোসেনের সন্তান তারা। উক্ত জমি তাদের পৈত্রিক সম্পত্তি।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, নামজারি প্রক্রিয়া সাধারণত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিন যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন। এরপরও কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
শিরোনাম...