পূর্বধলায় বালিকা বিদ্যালয় সড়কের বেহাল দশা, দুর্ভোগে পথচারী-শিক্ষার্থীরা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তাজুড়ে ভাঙন ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ পথচারী ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের রাজপাড়া থেকে পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বালিকা বিদ্যালয় রোড নামে এই পাকা সড়কটি অত্র এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়কের পাশে একটি বালিকা বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্টেন, একটি মসজিদ রয়েছে। সেই সাথে চিকিৎসা সেবা কেন্দ্রসহ বিপুল সংখ্যক মানুষের বসবাস এই সড়কের দুই পাশে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের ফলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যেখানে সারাবছরই পানি জমে থাকে। বিশেষ করে রাজপাড়া থেকে রাস্তায় প্রবেশের কিছু দূর এগুতেই বড় একটি গর্তে পানি জমে থাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও বাসাবাড়ির পয়ঃনিষ্কাশনের পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে শুকনো মৌসুমেও রাস্তায় পানি জমে থাকে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর আগে রাস্তাটি সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই আবার ভাঙন দেখা দিয়েছে।
মিডিয়া আইডিয়াল স্কুল ও বালিকা বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন তারা স্কুলে আসতে গিয়ে কাদায় পড়ে তাদের জামা-কাপড় ও বই নষ্ট হয়ে যায়।
স্থানীয় শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, রাস্তার এই অবস্থার কারণে অনেক সময় জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন। জরুরি ভিত্তিতে রাস্তার ভাঙা অংশে ইট, সুরকি বা রাবিশ ফেলে সাময়িক সমাধানের দাবি জানান তিনি।
মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক জুলফিকার আলী শাহীন বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে রাস্তার ক্ষতি হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য দুই পাশে ড্রেন নির্মাণ জরুরি। তিনি পূর্বধলায় পৌরসভা চালুর দাবিও জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত জানান, রাস্তার পাশে বসবাসকারীদের পানি নির্গমনের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।


