পূর্বধলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় একই রাতে দুই বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল দুই পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ প্রায় ১৮ লক্ষ ৮৫ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবগত রাত ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের হিরণপুর বাজারে ব্যবসায়ী আব্দুর রহমান ও বৈরাটি ইউনিয়নের জিগাতলা গ্রামের লিজা আক্তারের দিলসান ভিলায় এ দুর্র্ধষ ডাকাতির ঘটনাটি ঘটে।পুলিশ জানায়, শুক্রবার দিবগত রাত ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল দিলসান ভিলার ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে নগদ ৩৫ হাজার টাকা ও ৩ ভরি সোনাসহ বাড়ির সিসি ক্যামেরা, মনিটর ও মোবাইল ফোন নিয়ে যায়।
লিজার স্বামী শ্রীলংকার নাগরিক। তারা স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস করেন। এ বাড়িতে লিজার মা, বড় ভাই সেলিম ও তার স্ত্রী সন্তান বসবাস করে।
অপর দিকে রাত সাড়ে ৪টার দিকে একই কায়দায় হিরণপুর বাজারে ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ঢুকে নগদ প্রায় সাড়ে ১৮ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। আব্দুর রহমান পেশায় একজন ব্যবসায়ী।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুর রহমানের বাড়ি থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় থানায় ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযানে কাজ করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


