পূর্বধলায় এক রাতে খামারীর ৫ গরু চুরি
পূর্বধলা ( নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় এক রাতে খামারীর ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে শিমুল আহমেদ এর খামারে এই চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া ৫ গরুর মধ্যে তিনটি ষাঁড় ও দুইটি গাভী ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ থেকে সাড়ে চার লাখ টাকা হবে বলে জানান খামারী শিমুল আহমেদ।খামারী শিমুল আহমেদ জানান, গত ৭/৮মাস আগে তিনি তার নিজ বাড়িতে বসত ঘরের পাশে একটি গরুর খামার করেন। খামারে তার ছোট বড় ৭টি গরু ছিল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি গোয়াল ঘরের দরজার শিকলে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর রাতে এসে দেখেন কে বা কারা শিকল কেটে গোয়াল ঘর থেকে তিনটি ষাঁড় গরু ও দুটি গাভী নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৪ থেকে সাড়ে ৪লাখ টাকা হবে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খামারী শিমুল আহমেদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুগুলি উদ্ধারসহ চোর চক্রকে খুঁজে বের করতে পুলিশ পদক্ষেপ নিচ্ছে।

