দুর্গাপুরে চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ২

তোবারক হোসেন খোকন :  নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা পুলিশের এসআই শফিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পিবিআই। 

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।

পিবিআই’র পুলিশ সুপার রকিবুল আকতার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জামালপুরে কর্মরত ছিলেন এসআই শফিকুল ইসলাম। গত ৮ জানুয়ারি তিনি ছুটিতে  নিজ বাসায় এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাগিচাপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহাল সংলগ্ন একটি গলি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গা জখম করে।, 

স্থানীয়রা তাকে উদ্ধার করে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি