পূর্বধলায় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৩ ল্যাপটপ চুরি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় একটি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন খান জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের নৈশ্য প্রহরী জয়মুন্না সাংমা মুটোফোনে তাকে জানান, সোমবার রাতে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে কে বা কারা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন ল্যাবের দরজার হ্যাজবল ভাঙ্গা। ভেতরে ১৭টি ল্যাপটপের মধ্যে ৪টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর থাকলেও ১৩টি ল্যাপটপ নেই।নৈশ্য প্রহরী জয়মুন্না সাংমা বলেন, তিনি প্রতিদিনের মতো গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যালয়ে এসে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন মুটোফোনে প্রধান শিক্ষককে তার অসুস্থতার কথা জানিয়ে তিনি তার নিজ বাড়িতে চলে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন কম্পিউটার ল্যাবের দরজার হ্যাজবল ভেঙ্গে ১৩টি ল্যাপটব কম্পিউটার কে বা করা চুরি করে নিয়ে গেছে।,
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিজওয়ানা কবীর জানান, চুরির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিহিত করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে আইসিটি অফিসার বিদ্যালয়ে গিয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।,’

