পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মাইক্রোবাসের ধাক্কায় হেলিম মিয়া (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার (৯ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার কিসমত বারেঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি নেত্রকোনা জেলা জজকোর্টে (বেসরকারি) সুমন জারিকারক হিসেবে কাজ করতেন।পুলিশ জানায়, আজ রোববার সকাল ৭টার দিকে হেলিম মোটরসাইকেলযোগে নেত্রকোনা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে কিসমত বারেঙ্গা নামক স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

