পূর্বধলায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় স্কাউট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দায়ীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচী পালন করেছে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের চৌরাস্তা নামক স্থানে এ অবস্থান কর্মসূচী ও সড়ক অবরোধ করে।এ সময় ঘন্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচীর ফলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক ও পূর্বধলা-নেত্রকোনা সড়কের চার পাশে যানবাহান আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু ও যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার ঘটনা স্থলে ছুটে যান। এসময় তারা আন্দোলনকারীদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত করার আহবান জানালে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছাড়েন।
আরও পড়ুন....পূর্বধলায় প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সদস্যদের ওপর হামলা, আহত ৭
পূর্বধলা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, গত শনিবার রাতে এ ঘটনায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর বাদী হয়ে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা কুমুদগঞ্জ গ্রামের অর্নব বনিক মুগ্ধ (১৬) ও মিনার (১৭) এই দুইজনের নামসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের নামে পূর্বধলা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত- গত শনিবার (৮মার্চ) উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন স্কাউট শিক্ষার্থী অংশ নেয়।
লিখিত পরীক্ষা শেষে দুপুরে কেন্দ্রের পাশ্ববর্তী সোয়াই নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে।
এতে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত আকন্দ, জুনায়েদ, সোয়াদ মুহাম্মদ স্বচ্ছ, সাবিকুল হাসান মহৎ, খালিদ হোসেন আনবী ও এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ এবং রাব্বী নামের ৭ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আরাফাত আকন্দ,জুনায়েদ ও তানভীর আহমেদকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

