এই মাত্র পাওয়া

পূর্বধলায় প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সদস্যদের ওপর হামলা, আহত ৭

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সদস্যেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭শিক্ষার্থী আহত হয়েছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওই স্কাউট সদস্যরা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার শ্যামগঞ্জ এলাকায় বেনজিন কারিগরি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন- বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত আকন্দ, জুনায়েদ, সোয়াদ মুহাম্মদ স্বচ্ছ, সাবিকুল হাসান মহৎ, খালিদ হোসেন আনবী ও এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ এবং রাব্বী।  এদের মধ্যে গুরুতর আহত আরাফাত আকন্দ,জুনায়েদ ও তানভীর আহমেদকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৪জনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানাযায়, শনিবার (৮মার্চ) উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন স্কাউট শিক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষে দুপুরে কেন্দ্রের পাশ্ববর্তী সোয়াই নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর জানান, প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আব্দুর রাজ্জাকসহ তিনি শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অতর্কিতভাবে তাদের শিক্ষার্থীদের ওপর  ইলেক্ট্রিক ডিভাইস ও রড দিয়ে হামলা করে। 

উপজেলা স্কাউট এর সম্পাদক ও জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তিনি জানেন না। তবে এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিবেন।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, গত বছর আমাদের বিদ্যালয় মাঠে শীতকালীন খেলা চলাকালীন খেলা পরিচালনা নিয়ে বিদ্যালয়ের জেষ্ঠ্য সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীরের সাথে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়েছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন তার বদলীজনিত কারণে নবাগত ওসিসহ তিনি সারাদিনই জেলায় ছিলেন। ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তার অফিসিয়াল মুটোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...