পূর্বধলায় ইসলামী আন্দোলনের তারবিয়ত কর্মসূচি অনুষ্ঠিত
শফিকুল আলম শাহীন, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তারবিয়ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শ্যামগঞ্জ দলীয় কার্যালয়ে নারান্দিয়া, গোহালাকান্দা ও বৈরাট্টি ইউনিয়নের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মেসবাহ। তিনি বলেন, “বর্তমান সময়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ ও তারবিয়ত অত্যন্ত জরুরি। ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহভীতি, নৈতিকতা ও আমানতের সাথে দায়িত্ব পালন করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”
কর্মসূচির প্রধান বক্তা ছিলেন নেত্রকোনা-৫ আসনের এমপি প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমি। তিনি বলেন, “দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণের একমাত্র উপায় হলো ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য কর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত ও প্রস্তুত হতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর চরিত্র ও যোগ্যতা গড়ে ওঠে। তাই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তারবিয়ত কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
এসময় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। ‘বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে দ্বীনি দাওয়াত ও সামাজিক সেবামূলক কাজ আরও প্রসারিত করার আহ্বান জানান।,’

