দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গাবাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতীয় পণ্য এনে নিজ বাড়িতে মজুদ করে আসছিলেন। পরে এসব পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে আকস্মিক অভিযান চালানো হয়। এতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল সহায়তা দেয়।

অভিযানে সাইফুল ইসলাম সেকুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পন্ডস পাউডার, জেল, শ্যাম্পু, অলিভ অয়েল ও বিভিন্ন ব্র্যান্ডের সাবানসহ নানা প্রসাধনী সামগ্রী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করে আসছিলেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, অভিযানের সময় বাড়িতে সেকুলের স্ত্রী ও শিশু সন্তান উপস্থিত ছিল। মানবিক দিক বিবেচনায় তার স্ত্রীর কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুর্গাপুরে প্রায়ই চোরাচালানের ঘটনা ঘটে। তবে প্রশাসনের ধারাবাহিক অভিযানে চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জনস্বার্থ ও দেশীয় অর্থনীতি রক্ষায় অবৈধ চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...