নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রাম ও কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলা সদরের আমতলা ইউনিয়নের সাপমারা এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন মুন্সি (৫৭) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া (৩৮)
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর জামাল মুন্সি সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসার পাশের এলাকায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে, সকাল ৭টার দিকে কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন