পূর্বধলায় জাবি শিক্ষার্থীকে মারধর, ছিনতাই ও বিবস্ত্র করে ভিডিও: মূল আসামি গ্রেফতার
নেত্রকোণার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় প্রধান আসপূর্বধলা ( নেত্রকেোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় প্রধান আসামি শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নেত্রকোনা জেলা পুলিশ সুপার আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামি শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং তিনি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবির ৫৪তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরিফ হোসেন ওরফে রওশান (২০) নেত্রকোণা সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হন। ভুলবশত তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে পায়ে হেঁটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে।
ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন যোগ দেয়। তিনজন মিলে তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়।
নগদ টাকা নেওয়ার পরও ছিনতাইকারীরা থেমে থাকেনি। তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা নিজেদের নম্বরে স্থানান্তর করে। এছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা ঋণ নিয়ে সেটিও নিজেদের কাছে পাঠিয়ে দেয়। পরে প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি Vivo Y29 মডেলের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
অভিযুক্তরা ভুক্তভোগীর ফেসবুক প্রোফাইল দেখে জানতে পারে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর তাকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে কটূক্তি করে মারধর করা হয়।
একপর্যায়ে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে তাকে বিবস্ত্র করে জোরপূর্বক কিছু বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং স্লোগান দিতে বলা হয়। পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর মানহানি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১১ জুন পূর্বধলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৪ ধারা এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২৫(২)/২৭(২) ধারায় একটি মামলা দায়ের করেন।।
পরে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই (নিঃ)/ মো. আব্দুল্লাহ আল রাহিদ সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত রাতুলকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাইকৃত টাকার মধ্যে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আজ রোববার গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন