পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি এবং নৈতিকতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি এবং নৈতিকতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পূর্বধলার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার (বাবুল)। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ কামাল, সহ-সভাপতি সুদীপ্ত চন্দ্র সিংহ, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
দুর্নীতিবিরোধী এ প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো— পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগিয়া উচ্চ বিদ্যালয়।
বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” এ বিষয়ে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পক্ষে যুক্তি তুলে ধরে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় ১৩৫ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে বিপক্ষ দল পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ১২০ পয়েন্ট পেয়ে পক্ষ দল মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
এ ছাড়া প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল সাউদা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা একাডেমি সুপারভাইজার ফরজুন নাহার লিজা এবং পূর্বধলা সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল।
আয়োজকরা জানান, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন