পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, কলেজেটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ রাবেয়া আলী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রেজওনা কবির। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার।
কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসেন খান, রাবেয়া আলী ডিগ্রী কলেজের অধ্যাপক ফিরোজ আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হীরা মিয়া, ধারা দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান খান, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মরহুম ডাক্তার মোহাম্মদ আলী স্মরণে বিভিন্ন বক্তব্য রাখেন।,
বক্তারা বলেন- শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান আরও উন্নত করতে হবে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। দুরদুরান্তের শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ছাত্রী হোস্টেলটি পুনরায় চালু করার দাবী জানান।,
প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবীর বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নিতে সবাইকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।,
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নিতে আমার মরহুম স্বামী ডা. মোহাম্মদ আলী (এমপি) কলেজটি প্রতিষ্ঠা করে গেছেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রতিষ্ঠানটি চরম বৈষ্যম্যের শিকার হয়েছে। কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। গড়ে উঠেনি কোন বহুতল ভবন। এমনকি বিগত ১৮ বছরে তারা চেষ্টা করেছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলতে। এতে তারা ব্যর্থ হয়েছে।
এখন আবার নতুন উদ্যোমে সবাইকে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, নারী শিক্ষার মান উন্নয়নে আপনাদের দেয়া পরামর্শগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কলেজটিকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। শেষে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধী মহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।,’

