পূর্বধলায় ৪৭৫০পিস ইয়াবা সহ মামা-ভাগ্নে আটক
নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা বহনের সময় মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা বহনের সময় মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নেত্রকোণা জেলা কার্যালয়।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় জুতার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। হাবিবুর রহমান মামা এবং রমজান আলী তার ভাগ্নে বলে জানা গেছে।
ডিএনসি’র সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে বহনের এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সংস্থাটি। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন