শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় দুই দায়িত্বে সফল এসিল্যান্ড তাসনীম জাহান

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আলোচনায় উঠে এসেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল আলম শাহীন : প্রশাসনিক দক্ষতা, কঠোর দায়িত্ববোধ এবং মানবিক নেতৃত্বের অনন্য সমন্বয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আলোচনায় উঠে এসেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলিয়েও তিনি যেভাবে মাঠ প্রশাসনকে সক্রিয় রেখেছেন, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের কাছেও প্রশংসিত হচ্ছেন।

গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও বদলিজনিত কারণে পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাসনীম জাহানকে। এরপর থেকেই উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসে। ভূমি অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি পুরো উপজেলার প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জনসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি।

সময়মতো সেবা নিশ্চিত করে অর্জন করেছেন আস্থা :  স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। ভূমি সংক্রান্ত সেবা দ্রুত প্রদান, সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনভোগান্তি কমানোর চেষ্টা করছেন।

উপজেলা পরিষদ, ভূমি অফিস ও বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষ জানান, আগের তুলনায় প্রশাসনিক কাজে গতি বেড়েছে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাচ্ছেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত নামজারি, খাজনা ও অন্যান্য সেবায় স্বচ্ছতা আনার চেষ্টা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিয়মিত ভ্রাম্যমাণ আদালত, বাজারে ফিরেছে শৃঙ্খলা: ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তাসনীম জাহান। বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যের মান যাচাই এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা অনিয়মে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনে তিনি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, প্রশাসনের এমন তৎপরতায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।

শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়: প্রশাসনিক দায়িত্বের বাইরেও শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি রয়েছে এই কর্মকর্তার। তার তত্ত্বাবধানে উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তিনি পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করেছেন।

এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের মাধ্যমে তিনি সাংগঠনিক দক্ষতারও পরিচয় দিয়েছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সরকারি কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারকি করছেন। 

মানবিক উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা:  তাসনীম জাহানের মানবিক কর্মকাণ্ডও স্থানীয়দের নজর কেড়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার খোঁজখবর নেওয়া, এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়—মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই তাসনীম জাহান নিজেকে ব্যতিক্রম হিসেবে তুলে ধরেছেন।

প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : একান্ত আলাপচারিতায় তাসনীম জাহান বলেন,“সরকারি দায়িত্ব মানে শুধু অফিসকেন্দ্রিক কাজ নয়, মানুষের সমস্যাগুলো কাছ থেকে বোঝা এবং দ্রুত সমাধানের চেষ্টা করা। আমি চাই সাধারণ মানুষ যেন সহজে সরকারি সেবা পায় এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের দায়িত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করছি।”

স্বপ্ন থেকে প্রশাসনে আসার গল্প: শেরপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তাসনীম জাহানের। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি। মাধ্যমিক জীবনেই স্বপ্ন দেখতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন পূরণ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হন এবং ২০১৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবা করার ইচ্ছা থেকেই বিসিএসের প্রস্তুতি নেন। প্রস্তুতির পাশাপাশি বেসরকারি চাকরিতেও কাজ করেছেন। পরে বাংলাদেশ ব্যাংক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। অবশেষে ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২১ সালে রংপুর বিভাগে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে জামালপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালে জামালপুরের মেলান্দহ ও ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করার পর ২০২৫ সালের ডিসেম্বরে নেত্রকোনার পূর্বধলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত।

স্থানীয়দের প্রত্যাশা, সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলির সমন্বয়ে তাসনীম জাহান পূর্বধলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন