নেত্রকোনায় পুলিশ পরিচয়ে যুবক অপহরণ, দুই ভুয়া পুলিশ আটক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একনেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সিজন মিয়া (৩৫) ও সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ারেছ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়।
পরে স্থানীয়রা সিজন মিয়া ও সুজাত মিয়াকে সোহরাব হোসেনসহ আটক করে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে আটক দুজনকে হেফাজতে নেয় এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বর্তমানে আটক দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন