পূর্বধলায় কৃষকদের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষক
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষকদের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা সদরের জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আল মাহমুদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আহমদ আলী সরকার, আব্দুল মান্নান, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, হাবিবুর রহমান হাবিব, আবুল হাসনাত, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন