পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেত্রকোণার পূর্বধলায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন ফেব্রæয়ারি ২০২৬’ সম্বলিত একটি ব্যানার টানিয়ে রেখেছে কে বা কারা। এ নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ রোববার (২২ ফেব্রæয়ারি) সকালে উপজেলা সদরের পূর্বধলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে ব্যানারটি টানানো অবস্থায় দেখা যায়। ব্যানারে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কথা উল্লেখ রয়েছে।উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা উক্ত কার্যালয়টিতে ভাঙচুর চালায় । সে সময় অফিসের চেয়ার-টেবিল, পোস্টার, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র খুলে নিয়ে যায়। এর পর থেকে দলীয় কার্যালয়টি বন্ধ ছিল।
দীর্ঘ বিরতির পর হঠাৎ করে দলীয় কার্যালয়ে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সংগঠনটির সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার ইঙ্গিত হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কে বা কারা একটি ব্যানার টানিয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি পায়নি। তবে সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

