✈️ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল বাড়ছে
পূর্বকন্ঠ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ মার্চ) আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯টিতে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আগত ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো এখনো স্বাভাবিক হয়নি।
তবে ফ্লাইট বাতিলের এ পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার মধ্যপ্রাচ্য থেকে ছয়টি আগমন এবং চারটি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

