পূর্বধলায় রেলওয়ের জমি লিজ প্রদানে অনিয়ম, বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের জমি লিজ নেওয়ার ক্ষেত্রে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ তুলে লিজ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার জাওয়ানী গ্রামের মোস্তফা কামাল। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল তার লিখিত বক্তব্যে জানান , পূর্বধলা উপজেলার জাওয়ানী গ্রামে রেলওয়ের পাশে প্রায় ৪৯ শতক জমি তাঁদের পরিবার ৩৫ থেকে ৪০ বছর ধরে চাষাবাদ ও ভোগদখল করে আসছে। কিন্তু তাঁদের প্রতিবেশী চাচা গবাদিপশু চিকিৎসক জুনাইদ কবির প্রকৃত ভোগদখলকারীদের তথ্য গোপন করে ওই জমি রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিজের নামে লিজ নিয়েছেন।তিনি আরও অভিযোগ করেন, লিজ নেওয়া জমির পাশে তাঁদের পরিবারের অন্য জমিও রয়েছে। দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি অন্যের নামে লিজ দেওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে প্রতিবাদ জানালে তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মোস্তফা কামালের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে আটটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এতে তাঁর পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। আশা করি বিতর্কিত লিজ বাতিল করে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল করে আসা তাঁর পরিবারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় লিজ দিবেন।
এ ব্যাপারে অভিযুক্ত জুনাইদ কবিরের সাথে কথা বললে তিনি জানান উক্ত রেল ওয়ের জমির পাশেই তাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ তাকে বৈধ ভাবেই লিজ দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন