শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে কীটনাশক পান করে জাহিদুল খান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ওই গ্রামের হুমায়ুন খানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের ধানখেতের আইলে বসে কীটনাশক পান করেন জাহিদুল। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জাহিদুল স্থানীয় এনজিও ব্র্যাক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে তিনি খেলাপি হন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ব্র্যাকের এক কর্মী তাঁকে আশ্বাস দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে আগের ঋণের টাকা পরিশোধ করতে পারলে তাঁকে পুনরায় দ্বিগুণ পরিমাণ ঋণ দেওয়া হবে।

এই আশ্বাসের পর জাহিদুল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার করে আগের ঋণ পরিশোধ করেন। এরপর বৃহস্পতিবার (১ অক্টোবর) কথা অনুযায়ী নতুন ঋণ নিতে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে গেলে তাঁকে আর ঋণ দেওয়া হবে না বলে জানানো হয়। এতে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন।

পরিবারের সদস্যদের দাবি, ধার করা টাকা কীভাবে পরিশোধ করবেন—এ নিয়ে জাহিদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁদের ধারণা, এ মানসিক চাপ থেকেই তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন