পূর্বধলায় এমপির গাড়িতে হামলা: বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৬৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী হাফানিয়া গ্রামের আল-আমিন। মামলার পর রাতভর নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা সদরের নয়াপাড়া এলাকার খাইরুল ইসলাম (৩৮) রয়েছেন এজাহার নামীয় ২০ নম্বর আসামী। অপর ৮ জন অজ্ঞাতনামা আসামি বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
তবে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা দাবি করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।”
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর করেছে এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।
অন্যদিকে, বিএনপি নেতা বাবুল আলম তালুকদার বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে এমপিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান বলেন, “কিছু উশৃঙ্খল জনতার কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন