পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : “জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণার পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানসহ প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন