নেত্রকোনার মদনে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২
মদনে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া (২৮) এবং তার সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়েছে।মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া (২৮) এবং তার সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়।স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে প্রশাসনকে খবর দেন। পরে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক আটক করেন। এ সময় ট্রাকের চালক শামীম মিয়া চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় ট্রাকসহ চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, আমি এলাকায় নেই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও হেল্পার থানায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন