পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নেত্রকোনার পূর্বধলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থকদের মধ্যে সংঘর্ষপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রমকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আগিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজ (৩৫), জামায়াত কর্মী এবাদুল (৫০), শফিউল্লা (৩০), শেখ বোরহান উদ্দিন (৪০), হানিফ উদ্দিন (৩৫) এবং যুবদল নেতা ওমর শরীফ (৩৬) রয়েছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ইজারা নিলাম চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে উপজেলা প্রশাসন ইজারা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে মঙ্গলবার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম শুরু হয়। নিলামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও দরদাতারা অংশ নেন।
নিলাম চলাকালে একটি পশুর হাটের দরদাতাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে উপজেলা পরিষদ হলরুমের ভেতর ও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর জেরে বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আগিয়া বাজারে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওমর শরীফের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া মোটরসাইকেলটি নিয়ে উভয় পক্ষই মালিকানার দাবি করেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, মোটরসাইকেলটি ওমর শরীফের। অন্যদিকে জামায়াত নেতাকর্মীরা বলছেন, সেটি তাঁদের দলের কর্মীদের।
এ বিষয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদসদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা অভিযোগ করে বলেন, বিএনপির নেতা-কর্মীরা প্রভাব খাটিয়ে পশুর হাটের ইজারা নেওয়ার চেষ্টা করলে জামায়াতের নেতা-কর্মীরা বাধা দেন। এতে তাঁদের দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
অন্যদিকে পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার বলেন, জামায়াতের লোকজন সব পশুর হাটের ইজারা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল এবং বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিল। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, পশুর হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হওয়ায় ইজারা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন